বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরে বৃহস্পতিবার তিনজন নতুন আধিকারিক তাঁদের দায়িত্ব গ্রহণ করেন। ড. অভিজিৎ নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ড. নিলেন্দু ধর ভারপ্রাপ্ত অ্যাকাডেমিক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নেন। একই দিনে অভিজিৎ সূত্রধর ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশনস পদে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন আধিকারিকদের যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, বিদ্যুৎ কান্তি পাল, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এল জয়চন্দ্র সিংহ-সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের যোগদানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক আধিকারিক এবং অশিক্ষক কর্মচারীদের মধ্যে উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক আধিকারিক ও অশিক্ষক কর্মচারীরা নবনিযুক্ত তিন আধিকারিককে স্বাগত জানান এবং তাঁদের নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় নবনিযুক্ত আধিকারিকদের স্বাগত জানান। তিনি বলেন, তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শৈক্ষিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুসংহত করার ক্ষেত্রে নতুন আধিকারিকদের সক্রিয় ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। নবনিযুক্ত আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের যোগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা।



