গণতন্ত্র বাঁচানোর ডাক, সিদ্ধান্তে অনড় ১৫ বিক্ষুব্ধ নির্দল প্রার্থী

Spread the news

বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : ‘গণতন্ত্র বাঁচাও’—এই ডাক দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্ত স্পষ্ট করলেন শাসকদলের ১৫ জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী। বৃহস্পতিবার শিলচরের একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করে তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। সাংবাদিক সম্মেলনে সদ্য বিজেপি থেকে বহিষ্কৃত প্রসেনজিৎ দেব-সহ একাধিক নির্দল প্রার্থী উপস্থিত ছিলেন। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রচারে তাঁদের সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্ররোচিত করার চেষ্টা চলছে। পাশাপাশি নির্বাচনী লড়াই থেকে তাঁদের সরিয়ে দিতে নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

তবে কোনও ধরনের চাপের কাছে তাঁরা নতি স্বীকার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন নির্দল প্রার্থীরা। তাঁদের দাবি, সাধারণ মানুষের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে। শেষ পর্যন্ত ভোটাররাই গণতান্ত্রিক পদ্ধতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সাংবাদিক সম্মেলনে নৃপেন্দ্র নারায়ণ ঠাকুর দাবি করেন, তিনি অনেক আগেই বিজেপির সদস্যপদ ত্যাগ করেছেন। এরপরও তাঁকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কারের কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, “যারা বহিষ্কারের কথা বলছেন, তাঁরা কি ছয় বছর দলকে টিকিয়ে রাখতে পারবেন?”
নির্দল প্রার্থীদের বক্তব্য, তাঁরা সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কোনও ধরনের ভয়ভীতি, চাপ বা প্রভাব ছাড়াই ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এদিনের সাংবাদিক সম্মেলনে রথীন্দ্রনাথ সাহা (মাধম), মনিকা মণ্ডল, নৃপেন্দ্র নারায়ণ ঠাকুর-সহ অন্যান্য নির্দল প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *