বরাক তরঙ্গ, ১ অক্টোবর : রাজ্য সরকার রাজ্যের সমস্ত জেলা কমিশনার (ডিসি) এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে কড়া নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয় চলাচলের কারণে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় এবং জরুরি পরিষেবায় কোনও ধরনের বিলম্ব না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
শিলচরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কনভয় যাওয়ার সময় এক রোগীবাহী অ্যাম্বুলেন্সকে সাময়িকভাবে আটকে রাখার ঘটনা ঘিরে এই নির্দেশ জারি করা হয়েছে। ঘটনাটি নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি রোগী ও তাঁর পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। পরে কর্তব্যে গাফিলতির অভিযোগে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।
ঘটনার পর মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ভিআইপি কনভয় চলাচল নিয়ে একটি আনুষ্ঠানিক স্থায়ী নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয় চলাচলের সময়ও অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি এবং পুলিশি জরুরি পরিষেবার যানবাহনকে সর্বদা নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে। ট্রাফিক আধিকারিকদের জরুরি যানবাহন যাতে কোনওভাবেই বিলম্বিত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্য কোনও জরুরি পরিষেবার গাড়িকে দ্রুত রাস্তা করে দিতে মুখ্যমন্ত্রীর কনভয়ও থামিয়ে রাখতে হবে।
এছাড়া ভিআইপি কনভয় চলাচলের সময় সাধারণ যান চলাচলে বিঘ্ন যতটা সম্ভব কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহন ঘুরিয়ে দেওয়া বা বিকল্প পথে চলাচলের ব্যবস্থা এমনভাবে করতে হবে, যাতে সাধারণ যাত্রীদের অপ্রয়োজনীয় দুর্ভোগ না হয়।
নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক কাজের জন্য যতগুলি গাড়ি অপরিহার্য, মুখ্যমন্ত্রীর কনভয়ে তার বেশি গাড়ি রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপস্থিত ক্যাবিনেট মন্ত্রী, বিধায়ক বা অন্যান্য আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে বা পাশাপাশি যাতায়াত করতেও নিষেধ করা হয়েছে। তাঁদের গাড়ি পৃথকভাবে চলাচল করবে।
সরকার জানিয়েছে, কনভয় ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আধিকারিকদের নির্দেশগুলি যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করতে হবে। স্থায়ী নির্দেশিকা লঙ্ঘন বা তা বাস্তবায়নে কোনও ধরনের গাফিলতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও স্পষ্ট করেছে অসম সরকার।



