৩০ সেপ্টেম্বর : দুবাই থেকে তেল আবিবগামী একটি যাত্রিবাহী বিমানে মাঝআকাশে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটে মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৫০ জন ইজরায়েলি নাগরিক এবং ২৭ জন শিশু বলে জানা গিয়েছে। তবে ইজরায়েলি সরকারি সূত্র বিমান হাইজ্যাকের সম্ভাবনা খারিজ করে দিয়েছে।
জানা গিয়েছে, সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় ফ্লাইটটি প্রথমে ‘৭৭০০’ জরুরি সঙ্কেত পাঠায়। কিছুক্ষণ পরেই সেটি ‘৭৫০০’ কোড পাঠায়। আন্তর্জাতিক বিমান চলাচলে ‘৭৫০০’ কোড সম্ভাব্য বিমান হাইজ্যাক বা বেআইনি হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়। ফলে বিষয়টি নিয়ে দ্রুত সতর্ক হয়ে ওঠে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি খতিয়ে দেখতে ইজরায়েলি বায়ুসেনার যুদ্ধবিমানও ওই এলাকার দিকে রওনা হয়।
এদিকে, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইদুবাইয়ের বিমানটির গতিপথ পরিবর্তন করা হয়। তেল আবিবের পরিবর্তে বিমানটিকে সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পরে সেখানেই বিমানটি অবতরণ করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর ইজরায়েলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতির উপর নজর রাখেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তবে সংবাদ সংস্থা সূত্রে দাবি, পাইলটের ভুল বোঝাবুঝির কারণেই মাঝআকাশে ‘৭৫০০’ সঙ্কেত পাঠানো হয়ে থাকতে পারে। ফলে প্রাথমিকভাবে হাইজ্যাকের আশঙ্কা তৈরি হলেও পরে সেই সম্ভাবনা খারিজ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।



