গুয়াহাটির যুবতীর রহস্যজনক মৃত্যু : মুখ খুললেন হিমন্ত বিশ্ব শর্মা, আটক আরও ১

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গুয়াহাটির একটি হোমস্টে-তে যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেয়েটি আমার সমষ্টির। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে তাঁর যত বক্তব্য রয়েছে, সেগুলোর পাশাপাশি বাবা-মায়ের বক্তব্য শুনে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘‘আমিও ঘটনাটির খবরাখবর রাখতে থাকব। আমাদের সকলেরই নিজেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে ভাবা উচিত।’’

মুখ্যমন্ত্রী জানান যে যুবতীটি নাবালিকা নন, সাবালিকা। তিনি সমাজে পরিবার, অভিভাবক এবং ঐতিহ্যবাহী মূল্যবোধ বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন। ঘটনাটির তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

​অন্যদিকে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাটিকে ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসছে। ধারাপুরের একটি হোমস্টে-তে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এক যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত আশিক আলিকে গড়চুক থানায় টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে আরও এক যুবকের। আশিক আলি ও যুবতীটিকে মদ সরবরাহ করার অভিযোগে পুলিশ নিতু আলি নামের এক যুবককে আটক করেছে। নিতু আলি রুদ্রজ হোমস্টে-র কর্মচারী এবং তাঁর বাড়ি বাইহাটা চারিআলি বলে জানা গেছে।

​এদিকে, রাতে পামহি-স্থিত হাসপাতালে আশিক আলির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। তাঁকে আজ আদালতে হাজির করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে গড়চুক পুলিশ থানায় আশিককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

​উল্লেখ্য, ধারাপুরের একটি হোমস্টে-তে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের যুবতীটির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। ঘটনার পরেই পুলিশ মূল অভিযুক্ত আশিক আলীকে গ্রেপ্তার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *