সোনাবাড়িঘাট সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নের বদলে জমা পড়ল দাবিপত্র

Spread the news

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : সোনাবাড়িঘাট সমবায় সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার মনোনয়নপত্রের পরিবর্তে রিটার্নিং অফিসারের কাছে দাবিপত্র জমা দিলেন নির্বাচনে আগ্রহী কয়েকজন প্রার্থী। ভোটার তালিকার একাধিক অসংগতি ও ত্রুটির অভিযোগ তুলে নির্বাচনের আগে তালিকা সংশোধন, বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং বাংলায় ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ছিল ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিন। কিন্তু ভোটার তালিকায় একাধিক ত্রুটি থাকার অভিযোগ তুলে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আগে সমস্যাগুলির সমাধানের দাবি জানান আবেদনকারীরা। এ বিষয়ে হাসান জামান লস্কর, নজরুল ইসলাম লস্কর, সমসুর উদ্দিন আহমদ-সহ ২৬ জন প্রাক্তন সদস্য রিটার্নিং অফিসারের কাছে লিখিত দাবিপত্র পেশ করেন।

আবেদনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সোনাবাড়িঘাট সমবায় সমিতির ভোটার তালিকা সংশোধন করা হয়নি। ফলে তালিকায় একাধিক ভুল ও অসংগতি রয়ে গিয়েছে। তাঁদের দাবি, আসন্ন নির্বাচনের আগে সম্পূর্ণ ভোটার তালিকা যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

পাশাপাশি, বেশ কয়েকজন প্রকৃত ভোটারের নাম কোনও বৈধ কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। আবেদনকারীদের বক্তব্য, স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের কারণে প্রকৃত ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তাই নির্বাচনের আগে বাদ পড়া সমস্ত প্রকৃত ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এদিকে, ভোটার তালিকা ইংরেজিতে প্রকাশ করায় সাধারণ ভোটারদের একাংশ সমস্যায় পড়েছেন বলে অভিযোগ। অধিকাংশ সাধারণ ভোটারের পক্ষে ইংরেজিতে নিজেদের নাম ও অন্যান্য তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ছে। তাই ভোটারদের সুবিধার্থে বাংলায় নতুন করে ভোটার তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন আবেদনকারীরা।

তাঁদের বক্তব্য, সমস্ত অভিযোগের নিষ্পত্তি না করে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হলে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, সোনাবাড়িঘাট সমবায় সমিতির নির্বাচন আগামী ১৫ নভেম্বর, রবিবার মইনুল হক চৌধুরী হাইস্কুলে অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে এ বিষয়ে সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এখন কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন আবেদনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *