দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আগামী ২৫ অক্টোবর থেকে কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাইস্কুলের খেলার মাঠে শুরু হচ্ছে ৯-এ সাইড ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
টুর্নামেন্টের প্রস্তুতি ও আয়োজন নিয়ে রবিবার কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। পরে আসন্ন প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৪১ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি। রানার্স-আপ দলের জন্য রয়েছে নগদ ২৬ হাজার টাকা ও ট্রফি। পাশাপাশি প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে।
এ দিন কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির নতুন পরিচালন কমিটিতে সভাপতি হয়েছেন মিহিরকান্তি ভট্টাচার্য, সহ-সভাপতি জাকির আহমদ, সাধারণ সম্পাদক দিবার হোসেন, সহ-সম্পাদক জয়নুল হক এবং কোষাধ্যক্ষ নজমুল হোসেন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর হোসেন বড়ভূইয়া। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সাজু লস্কর, নুর জামাল লস্কর, দিলওয়ার বড়ভূইয়া, পারভেজ লস্কর, জাকারিয়া লস্কর ও জাহারুল লস্কর-সহ অন্যরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন এলাকার দল এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
টুর্নামেন্টে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য জাফর বড়ভূইয়া (৯৭০৭১৯২৮০০) এবং সাজু লস্কর (৮১৩৫০২২৯৭০)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।



