বরাক তরঙ্গ, ১ জুন : মসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্প বন্ধ করা হয়নি। বাজেট সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে পুনরায় এই প্রকল্প চালু করা হবে। এক বিজ্ঞপ্তিতে খাদ্য, গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কার্যকর লেখানুদান (ভোট-অন-অ্যাকাউন্ট) বাজেটের প্রেক্ষাপটে স্বল্পমূল্যে মসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্পটি ২০২৬ সালের জুন মাস থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের মে মাসের অন্নসেবা দিবসে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কিছু ন্যায্যমূল্যের দোকানে অবশিষ্ট থাকা মসুর ডাল, চিনি ও লবণ অন্ত্যোদয় পরিবারের মধ্যে বিতরণের জন্য উপলব্ধ করা হবে।
তবে এই সময়েও সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের চাল প্রতি মাসে নিয়মিত বিতরণ অব্যাহত থাকবে বলে বিভাগ জানিয়েছে।



