সেনা জওয়ান হত্যাকাণ্ডে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : মিজোরামের কোলাসিব জেলার নিউ বিলুম এলাকার বাসিন্দা ও সেনা জওয়ান জাকারিয়া লালহরিয়াতলুয়াঙ্গার (২৯) রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁকে কয়েকজনের মারধরের জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালদুহোমা।

মুখ্যমন্ত্রী জানান, জাকারিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতায় ইতিমধ্যেই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে তিনি বলেন, একটি মূল্যবান প্রাণহানির পাশাপাশি এই ঘটনায় মিজোরাম ও মিজো সমাজের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, জাকারিয়া অসম রেজিমেন্টের ৪২ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়ি ফিরছিলেন। ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বুয়ালপুই এলাকার একটি কফি বাগান সংলগ্ন এলাকায় কয়েকজনের সঙ্গে তাঁর বচসা ও হাতাহাতি হয় বলে অভিযোগ। এরপর তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন এবং পরে তাঁর মৃত্যু হয়।

সূত্রের খবর, লেংপুই বিমানবন্দরে এক বন্ধু জাকারিয়াকে গাড়িতে তুলে নেন। বাড়ি ফেরার পথে বুয়ালপুই কফি বোর্ডের কাছে যানজটের মধ্যে কয়েকজনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ।

জাকারিয়ার পরিবার—বাবা-মা, স্ত্রী ও অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে মিজোরামের কোথাও যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেই আহ্বান জানিয়ে তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *