রূপাইবালিতে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজনা

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ইটবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল চার বছরের এক শিশুর। মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ লক্ষীপুর থানা এলাকার রূপাইবালি নাগা বাজারে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম বিবেক রবিদাস। সে স্থানীয় বাসিন্দা রঞ্জিত রবিদাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নাগা বাজার এলাকায় একটি অটো থেকে নামার পর রাস্তা পার হতে দৌড় দেয় বিবেক। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ডিআই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটকে চালককে মারধর করেন। খবর পেয়ে লক্ষীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, ঘটনার কিছুক্ষণ পর এক এস্কেভেটর চালক ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাঁকেও দুর্ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে। পুলিশ ইটবোঝাই ট্রাক ও ওই চালককে আটক করে লক্ষীপুর থানায় নিয়ে যায়।

শিশুর মৃত্যুর প্রতিবাদে সন্ধ্যার পর নাগা বাজার এলাকায় ফের উত্তেজনা দেখা দেয়। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *