এসআইআর নোটিশের তালিকায় আডবানী-জয়শংকর, একাধিক হেভিওয়েট

Spread the news

২০ সেপ্টেম্বর : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় একাধিক হেভিওয়েট রাজনৈতিক নেতা ও শীর্ষ প্রশাসনিক আধিকারিককে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। নামের বানান, আগের এসআইআর-এর নথির সঙ্গে তথ্যের অমিল এবং ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র মতো কারণে এই নোটিশ জারি করা হয়েছে বলে সূত্রের খবর।

নোটিশ পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিদেশমন্ত্রী এস জয়শংকর, নির্বাচন কমিশনার এস এস সান্ধু, কংগ্রেস নেতা কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি এবং বিদেশসচিব বিক্রম মিসরি। এছাড়াও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী এবং দিল্লির মন্ত্রী প্রবেশ সিংয়ের নামও রয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী নথিতে নামের বানানে গরমিল থাকায় এস এস সান্ধুকে নোটিস দেওয়া হয়েছে। অন্যদিকে, পূর্ববর্তী এসআইআর-এর নথির সঙ্গে তথ্য বা নামের ম্যাপিং না থাকার কারণে কপিল সিব্বল ও বিদেশসচিব বিক্রম মিসরিকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র কারণে প্রাথমিকভাবে নোটিস দেওয়া হয়েছিল। পরে বুথ লেভেল অফিসার (BLO) তাঁর বাড়িতে গিয়ে শারীরিক যাচাই করেন এবং নামের বিষয়টি নিশ্চিত করেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের নাম বাদ পড়ার ক্ষেত্রেও আগের এসআইআর-এর সঙ্গে পরিবারের কারও নাম ম্যাপ না থাকার বিষয়টি উঠে এসেছে। কমিশনের দাবি, এই ধরনের অসঙ্গতি যাচাই করতেই সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *