‘মনসুন কাপ’ দাবা প্রতিযোগিতায় হাইলাকান্দিতে ব্যাপক সাড়া

Spread the news

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলা চেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ‘মনসুন কাপ’ দাবা প্রতিযোগিতা ঘিরে হাইলাকান্দিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। হাইলাকান্দি ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতায় বরাক উপত্যকার তিন জেলা থেকে প্রায় ১২০ জন বিভিন্ন বয়সের দাবাড়ু অংশগ্রহণ করেন।

শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী ও বিভিন্ন বয়সের দাবাড়ুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতার পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। বিশেষ করে হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।

দাবা খেলাকে তৃণমূল স্তরে আরও জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে এই বুদ্ধির খেলাটির প্রতি আগ্রহ বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন।

হাইলাকান্দি জেলা চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রতুল সিনহা জানান, বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দাবাড়ুর অংশগ্রহণে আয়োজকরা অত্যন্ত উৎসাহিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কেই পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।

আয়োজকদের আশা, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে হাইলাকান্দি তথা বরাক উপত্যকায় দাবা চর্চা আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান দাবাড়ু উঠে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *