বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) রোগী থাকা একটি কক্ষে মনিটর বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। শনিবার রাতে হাসপাতালের MITU বিভাগের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় ১০ জন রোগী থাকা একটি কক্ষে হঠাৎ মনিটর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই কক্ষটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কক্ষের চিকিৎসা পরিষেবার আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীদের অন্য কক্ষে স্থানান্তর করে। পাশাপাশি চিকিৎসা পরিষেবার প্রয়োজনীয় সামগ্রীও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। জিএমসিএইচের নিজস্ব অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।



