কিশোরীকে ধর্ষণের পর হত্যা, পচাগলা দেহ খুবলে খেল কুকুর, গ্রেপ্তার তিন নাবালক-সহ ৪

Spread the news

১৮ সেপ্টেম্বর : দিল্লির স্বরূপ নগর এলাকায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ১৯ বছরের এক যুবক-সহ তিন নাবালককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে দু’টি ছুরি এবং ঘটনার সময় ব্যবহৃত বলে সন্দেহ করা পোশাক উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিচিত এক ১৭ বছরের কিশোরের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। তদন্তকারীদের অভিযোগ, প্রথমে ওই নাবালক তার উপর যৌন নির্যাতন চালায়। পরে কিশোরী বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে আরও কয়েকজনকে ডেকে আনা হয়। চারজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এর পর কিশোরীকে স্বরূপ নগরের কুশক রোড সংলগ্ন একটি ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে দেহটি মাটি ও পাতা দিয়ে ঢাকার চেষ্টা করে অভিযুক্তরা একটি টেম্পোয় করে পালিয়ে যায় বলে পুলিশের দাবি।

১৩ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দারা মাঠে অস্বাভাবিক ভাবে কুকুরের জটলা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। দেহের অবস্থা অত্যন্ত খারাপ থাকায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তে নেমে পুলিশ এলাকার ৫০টিরও বেশি CCTV ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। একটি টেম্পোর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার সূত্র ধরে তদন্ত এগোয়। টেম্পোর চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাঁর ১৭ বছরের ভাই নিয়মিত ওই গাড়ি ব্যবহার করত। পরে ফুটেজের ভিত্তিতে চার যুবকের পরিচয় সামনে আসে।

পুলিশের তল্লাশি শুরু হয়েছে জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি তদন্তকারীদের। শেষ পর্যন্ত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে স্বরূপ নগরের খাড্ডা কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সময় অভিযুক্তরা মদ্যপ ছিল কি না, তা জানতে তাদের রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *