গাড়ি আটকে সেনা জওয়ানকে ভেতরে রেখে আগুন, মৃত্যু, গ্রেফতার ৩

Spread the news

১৮ সেপ্টেম্বর : বিহারের কাইমুর জেলায় গাড়ির ভিতরে এক সেনা জওয়ানকে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম শত্রুধন যাদব। তিনি কাইমুর জেলার রামগড় থানার শাখুয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্ত অনুযায়ী, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে রামগড়ে ডেকে পাঠানো হয়েছিল। অভিযোগ, একটি গাড়ির ভিতরে তাঁকে আটকে রেখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শত্রুধনকে প্রথমে বারাণসীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লখনৌয়ের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়। জওয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুর্গাচক এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। রামগড় থানার সামনেও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কাইমুরের পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, ঘটনায় অভিযুক্ত সাত জনের মধ্যে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। আর্থিক বিবাদের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সময় সংশ্লিষ্ট থানার আধিকারিকদের ভূমিকা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *