বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ডিগবয়ের বরজান এলাকায় ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মা ও মেয়ের। মৃতদের নাম কৃষ্ণা ভূঁইয়া ও গীতিমনী ভূঁইয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসার পরই মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকেই দায়ী করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, রাস্তায় বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়ার পরও যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। যার জেরেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ডিগবয়-দুলীয়াজান সংযোগী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বিক্ষোভকারীরা বিদ্যুৎ বিভাগের কার্যালয়ও ঘেরাও করেন।
বিক্ষোভকারীদের দাবি, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বিদ্যুৎ পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিঁড়ে পড়া তার দ্রুত সরানোর ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।



