মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ,, ১৬ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সন্ধ্যায় ঘরে ঘরে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালিয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এলাকার বিভিন্ন মঠ-মন্দিরেও প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচি সফল করতে বুধবার লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আগামী দিনের কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পারানি চৌধুরী জানান, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কার্যকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষের বাড়িতেও মাটির প্রদীপ জ্বালানো হবে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হবে। বিভিন্ন মঠ ও মন্দিরেও একইভাবে প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় আরও জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ে বিভিন্ন সেবামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে, লোয়াইরপোয়া মণ্ডলের ১৩৮টি বুথের কার্যকর্তাদের মধ্যে প্রদীপ বিতরণ করা হয়েছে। পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে এই প্রদীপ বিতরণের ব্যবস্থা করা হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
সভায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বুথের কার্যকর্তাদের নিজ নিজ এলাকায় কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। জন্মদিন উদযাপনের পাশাপাশি মানুষের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে সভায় জানানো হয়।



