সংসদমুখী বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস চার্জ, অভিযানে যোগ দেওয়ার অনুমতি চেয়ে চিঠি ওয়াংচুকের

Spread the news

২০ জুলাই : কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের দাবিতে সংসদমুখী বিক্ষোভকারীরা। তাঁদের রুখতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় দিল্লি পুলিশ। সংসদের সমস্ত গেট বন্ধ করে আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ দিকে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নাড্ডার সঙ্গে সাক্ষাতের কোনও অনুমতির বিক্ষোভকারীদের দেওয়া হয়নি।

সংসদ ভবনের প্রবেশের গেটের প্রায় কাছাকাছি CJP-র আন্দোলনকারীরা। বিজয় চক থেকে ঢিল ছোড়া দূরত্বে সংসদ ভবনের এই গেট। জলকামান, ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে সংসদ ভবন চত্বর। এই মুহূর্তে সংসদে ভবনের ভিতরে প্রধানমন্ত্রী-সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত। বিরোধী দলনেতা-সহ অন্যান্য দলের সাংসদরা উপস্থিত রয়েছেন। বিজয় চকের মুখোমুখি সংসদ ভবনের এই লোহার গেটের ডানদিকে রাইসিনা হিলস অর্থাৎ রাষ্ট্রপতি ভবন। এ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রকের দপ্তর। একমাত্র সংবাদ মাধ্যম এবং নিরাপত্তারক্ষীরা সংসদ চলাকালীন এই বিজয় চক পর্যন্ত যাওয়ার অনুমতি পান। তার আগেই বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় দিল্লি পুলিশ। ব্যারিকেডও করে দেওয়া হয়। ব্যারিকেডে বাধা পেয়ে সেখানেই অবস্থান আন্দোলন শুরু করেছেন ‘চলো সংসদ’ কর্মসূচিতে যোগ দেওয়া বিক্ষোভকারীরা।

অন্যদিকে, দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি থাকলেও আন্দোলন থেকে সরে আসতে নারাজ পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার হাসপাতাল থেকেই তিনি হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট এবং সরকারের উদ্দেশে একটি চিঠি লিখে জানান, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ বোধ করছেন। তাই তাঁকে সাময়িকভাবে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে ‘চলো সংসদ’ কর্মসূচিতে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানান।

চিঠিতে ওয়াংচুক লেখেন, ‘আমি এখন নিজেকে খুব ভালো অনুভব করছি। আমার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই আমাকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে শান্তিপূর্ণভাবে ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হোক। এর পরে আমি আবার হাসপাতালে ফিরে আসব।’

ওয়াংচুক অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি থাকার পর থেকে তাঁর চলাফেরা, বক্তব্য রাখা এবং যোগাযোগের স্বাধীনতা সীমিত করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে প্রস্তুত, তবে তাঁকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

হাসপাতাল থেকে পাঠানো বার্তায় ওয়াংচুক জানান, নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ হলে তিনি দীর্ঘদিনের অনশন প্রত্যাহার করতে রাজি। তাঁর প্রধান দাবি, শিক্ষাব্যবস্থার ব্যর্থতা এবং NEET-সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে। এ ছাড়া সংসদের চলতি অধিবেশনে এই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করারও দাবি জানান তিনি। সমাজকর্মীর দেওয়া অন্য শর্ত হলো, কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধিকে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করে বিক্ষোভকারীদের শর্ত পূরণের আশ্বাস দিতে হবে। অন্যদিকে, এ দিন সকালেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ওয়াংচুকের অনুরোধে অনশন প্রত্যাহার করেন। সোমবার ছিল তাঁর অনশনের তৃতীয় দিন।
খবর : এই সময় অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *