বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার রামানুজ গোস্বামীর মৃত্যু হয়েছে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টার সময়। সোমবার ভোররাতে গুয়াহাটির নরকাসুর পাহাড় থেকে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। জানা যায়, স্ত্রী হত্যার মামলায় হাতিগাঁও পুলিশের হেফাজতে ছিলেন রামানুজ। তাঁর সাত দিনের পুলিশি হেফাজতের মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোররাত প্রায় ৩টা নাগাদ তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) নিয়ে যাওয়া হচ্ছিল। নরকাসুর পাহাড়ের কাছে পৌঁছানোর পর রামানুজ পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর তিনি পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর রামানুজের বাবা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে তাঁর মৃতদেহ গ্রহণ করা হবে না। সংবাদমাধ্যমকে তিনি বলেন, তাঁরা রামানুজকে ‘সব মানুষের হাতে তুলে দিয়েছেন’। পরিবারের এই সিদ্ধান্তকে ঘিরেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গুয়াহাটির বেলতলা এলাকায় নিজের ফ্ল্যাটে স্ত্রী রিয়াকে হত্যার অভিযোগ উঠেছিল রামানুজের বিরুদ্ধে। অভিযোগ ছিল, হত্যার পর স্ত্রীর দেহের বিভিন্ন অংশ নিয়ে তিনি নৃশংস আচরণ করেন। এই ঘটনায় হাতিগাঁও পুলিশ তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেয়।
পুলিশি হেফাজত থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রামানুজের পালানোর চেষ্টা এবং পরবর্তী মৃত্যুর ঘটনায় তদন্ত ঘিরে নতুন করে নানা প্রশ্ন উঠেছে।



