হাইলাকান্দিতে বিজ্ঞান সমিতির মেধা পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ১,৫৫১ পড়ুয়া

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : ব্যাপক সাড়ার মধ্য দিয়ে রবিবার হাইলাকান্দিতে সম্পন্ন হল আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার আয়োজিত ২৪তম সায়েন্স মেরিট টেস্ট। জেলার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত এই মেধা পরীক্ষায় মোট ১,৫৫১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সমিতির জেলা সভাপতি ড. দেবাশিস গুহ ঠাকুরতা এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. অসীম কল্যাণ জানান, জেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলি হল—শ্রীকিষাণ সারদা কলেজ, কাটলিছড়ার প্রণবানন্দ বিদ্যামন্দির, লালার কৈয়া মডেল স্কুল এবং লালার এমএ সিনিয়র সেকেন্ডারি স্কুল। এবারের পরীক্ষায় ছাত্রছাত্রীদের বিপুল অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে আয়োজকরা জানান, বিজ্ঞান ও জ্ঞানচর্চার প্রতি জেলার শিক্ষার্থীদের আগ্রহই এই ব্যাপক সাড়ার প্রমাণ। উপযুক্ত সুযোগ ও উৎসাহ পেলে তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব আরও বিকশিত হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *