সুস্থ থাকার বার্তা দিয়ে সম্পন্ন আসাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় ক্রীড়া দিবসের তিনদিনের কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচরে রবিবার সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। শারীরিক সুস্থতা, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আয়োজিত এই সাইকেল র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা অংশ নেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া দিবস উদযাপনেরও এদিন সমাপ্তি হয়।

প্রথম দিন কিংবদন্তি হকি খেলোয়াড় ও ‘হকির জাদুকর’ হিসেবে পরিচিত মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। দ্বিতীয় দিনও নানা ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।দ্বিতীয় দিনের কর্মসূচির সূচনা হয় শপথ গ্রহণের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা একসঙ্গে শপথ গ্রহণ করে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং সুস্থ জীবনযাপনকে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করার অঙ্গীকার করেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রাঙ্গণ পরিণত হয় জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আসরে। বিভিন্ন বিভাগের প্রায় ১২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দিনভর আয়োজিত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের মধ্যে ছিল ছাত্র ও ছাত্রীদের ১০০ মিটার দৌড়। এছাড়াও ছাত্রদের রিলে দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের দুরন্ত গতি ও নিখুঁত ব্যাটন হস্তান্তর দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। ছাত্রীদের জন্য আয়োজিত চামচে বল রেখে দৌড় প্রতিযোগিতাও ছিল আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।

বিকেলে প্রধান আকর্ষণ ছিল গবেষকদের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের সম্মিলিত দলের ফুটবল ম্যাচ। উজ্জ্বল আবহাওয়ার মধ্যে আয়োজিত এই ম্যাচে দু’দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মাঠের বাইরে সহপাঠীদের উচ্ছ্বসিত সমর্থনও ম্যাচের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের সম্মিলিত দল ৪-০ গোলে গবেষক পড়ুয়াদের পরাজিত করে। কর্মসূচির শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপিকা এম তিনেশ্বরী দেবী, ডেপুটি ডিরেক্টর ড. তপোধীর আচার্য, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. সিদ্ধার্থ শর্মা, সদস্য তথা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার কে আনন্দকুমার সিংহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *