সাংস্কৃতিক সাংবাদিক নিমানন্দ দাসের মৃত্যুতে অসম বার্তাজীবী সংঘের শোক

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : সাংস্কৃতিক সাংবাদিক, একাধিক জনপ্রিয় অসমিয়া সিনেমার সহকারী পরিচালক, পরিচালক, চিত্রনাট্যকার, ধারাবাহিকের পরিচালক ও লেখক নিমানন্দ দাসের মাজুলিতে পথ দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অসম বার্তাজীবী সংঘ। এক শোকবার্তায় সংঘের সভাপতি মধুসূধন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মা বলেন, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও সাহিত্য জগতের সঙ্গে যুক্ত থেকে নিমানন্দ দাস অসমের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু অসমের সাহিত্য ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। অসম বার্তাজীবী সংঘ নিমানন্দ দাসের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

উল্লেখ্য, শনিবার কমলাবাড়ির কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে নিমানন্দ দাসের চালানো গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। লখিমপুর স্টেশন থেকে মাজুলীতে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, অরণ্যমানব যাদব পায়েংয়ের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন নিমানন্দ দাস। বর্তমানে মাজুলীর ভকতচাপরিতে ছবিটির শুটিং চলছিল।
ছবির একটি দলকে লখিমপুর স্টেশনে পৌঁছে দিয়ে মাজুলীতে ফেরার সময়ই এই দুর্ঘটনার কবলে পড়েন দাস। দুর্ঘটনার পর অভিনেতা রাজীব ক্রয় তাঁর মৃতদেহ শনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *