বরাক তরঙ্গ, ৫ জুলাই : শিলচর-ইম্ফল ৩৭ নম্বর জাতীয় সড়কে গত ১০ দিন ধরে প্রায় ৫ হাজার মালবোঝাই লরি আটকে থাকায় চরম সংকটের মুখে পড়েছেন চালক, সহচালক ও খালাসিরা। ফুলেরতল থেকে জিরিঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে লরির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে, যার ফলে যান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

জানা গেছে, প্রতিদিন সীমিত সংখ্যক লরিকে পুলিশি নিরাপত্তার মধ্যে জিরিবাম থেকে ইম্ফলের উদ্দেশে পাঠানো হলেও অসম–মণিপুর সীমান্তে এখনও হাজার হাজার পণ্যবাহী লরি অপেক্ষমাণ রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকার কারণে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও শৌচাগারের অভাবে চালক ও খালাসিদের মধ্যে মানবিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন গত ১ জুলাই থেকে প্রতিদিন আটকে পড়া চালকদের মধ্যে খাদ্যসামগ্রী এবং প্রায় ৬ হাজার লিটার বিশুদ্ধ পানীয় জল বিতরণ করে আসছে। তবে শৌচাগারের কোনো ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।
অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, আটকে পড়া চালক ও খালাসিদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয়জল, অস্থায়ী শৌচাগারসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার দ্রুত ব্যবস্থা করা জরুরি।



