বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মেঘালয়ের পূর্ব গারোপাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন আলাচন মারাক, সুষ্টম রাভা, ববিদুল ইসলাম ও কালাম শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলাচন মারাক দুধনইয়ের দামরায় গুলিচালনার ঘটনায় জড়িত ছিলেন।
পুলিশের দাবি, নিহত সুষ্টম রাভা, ববিদুল ইসলাম ও কালাম শেখ গোয়ালপাড়ার কৃষ্ণাই এলাকার বাসিন্দা। অন্যদিকে, আলাচন মারাক মেঘালয়ের বাসিন্দা ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট দামরায় গুলিচালনার ঘটনায় ব্যবসায়ী আবু সৈয়দ নিহত হন। অভিযোগ, ডাকাতরা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে পুলিশের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করে মেঘালয় পুলিশ। পূর্ব গারোপাহাড়ে তল্লাশি অভিযানের সময় পুলিশের সঙ্গে সন্দেহভাজন ডাকাতদের বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
পুলিশের ধারণা, সংঘর্ষের সুযোগ নিয়ে আরও কয়েকজন সন্দেহভাজন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারে। তাদের সন্ধানে পূর্ব গারোপাহাড়ের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।



