বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম

Spread the news

২০ আগস্ট : বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দুপুর ২টার পর সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টায় তা শেষ হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ছয়জন ভোটাধিকার প্রয়োগ করেননি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা দুই প্রার্থীর যেকোনও একজনকে ভোট দেওয়ার সুযোগ পান।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগিরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ভোটগ্রহণ শেষে গণনা করা হয় এবং ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *