১৯ আগস্ট : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসে অন্তত ৩০ জন খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর আরও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খনিতে ধস নামার পর অল্প কয়েকজন শ্রমিক জীবিত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁদের একজন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে জানান, ধসের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ভেতরে আটকে থাকা অধিকাংশ শ্রমিককে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম।
নানা-মাম্বেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানান, দিনভর উদ্ধার অভিযানে খনি থেকে অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কয়েকজন শ্রমিককে আহত অবস্থায় জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে যোগ দেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কাদামাখা শ্রমিকদের খনির খাদ থেকে মরদেহ বের করে আনতে দেখা গেছে।
সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা দিতে কর্তৃপক্ষ কাজ করছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট আকারের শত শত স্বর্ণখনি রয়েছে। এসব খনিতে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে দেশটির বিভিন্ন খনিতে প্রায়ই ধস ও অন্যান্য দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এখনও খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক আটকা রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



