১৮ নভেম্বর : ফের জ্বলছে বাংলাদেশ। বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় পাঁচটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানা ঘেরাও, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার (১৮ নভেম্বর) ভোররাত প্রায় ৪টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তবে এর মধ্যেই প্রাণ হারান সিয়াম। এদিকে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, রাজধানী ঢাকাতেও মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার রাত ১টা পর্যন্ত একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় মোট পাঁচটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে তখন কোনও যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম।
এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। দুর্বৃত্তরা পেছন দিক থেকে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান।
এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নাশকতার মামলায় গ্রেফতার হওয়া আসামিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগ ও ছাত্রলিগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা থানা চত্বরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এমনকি থানা থেকে অস্ত্র লুটের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লেও হামলাকারীদের দমাতে পারেনি বলে স্থানীয় সূত্রের দাবি। রাত পর্যন্ত থানা এলাকা ও আশপাশে উত্তেজনা এবং হামলাকারীদের তাণ্ডব অব্যাহত থাকার খবর পাওয়া যায়।
উল্লেখ্য, টুঙ্গিপাড়ায় প্রশাসনিক পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বদলি এবং বিজিবি মোতায়েনের ঘটনার রেশ কাটতে না কাটতেই থানায় এই হামলার ঘটনা নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
দেশের একাধিক স্থানে একই সময়ে বাস, দোকান ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ভাণ্ডারিয়ায় ঘুমন্ত বাস হেলপারের প্রাণহানি এই নাশকতার ভয়াবহ মানবিক মূল্যকে সামনে এনেছে।



