বরাক তরঙ্গ, ১৫ জুলাই : অসমে ক্রমবর্ধমান মানব-হাতি সংঘাত মোকাবিলায় বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার অসম বিধানসভার সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সংঘাতপ্রবণ এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, অতুল বরা, কেশব মহন্ত, চরণ বড়ো, অশ্বিনী রায় সরকার, বিশ্বজিৎ দৈমারী, অসম বিধানসভার উপাধ্যক্ষ ড. হাব্বে তেরন এবং বিভিন্ন জেলার বিধায়করা। সংঘাতপ্রবণ এলাকার বাস্তব পরিস্থিতি, স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মানব-হাতি সংঘাত এখন শুধু বন বিভাগের বিষয় নয়, এটি জননিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাই সমস্যার স্থায়ী সমাধানে সব বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে হাতির প্রাকৃতিক চলাচলের করিডর সংরক্ষণ ও পুনরুদ্ধার, বনাঞ্চলে খাদ্য ও জলাধারের উন্নয়ন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, বন বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে হাতির গতিবিধি পর্যবেক্ষণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার, আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
জনপ্রতিনিধিরা জানান, বনাঞ্চল সংকুচিত হওয়া, হাতির করিডর দখল এবং জনবসতি সম্প্রসারণের ফলে সংঘাতের ঘটনা বেড়েছে। তাই জেলা ভিত্তিক বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করে মানব-হাতি সংঘাত কমাতে কার্যকর রোডম্যাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাজ্য সরকার।


