পদোন্নতির পরই নতুন নিয়োগ জানালেন মুখ্যমন্ত্রী, বন্যা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সরকারি কর্মচারীদের পদোন্নতি ও নতুন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৬ সালে রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে। প্রথমে সরকারি কর্মচারীদের পদোন্নতির কাজ সম্পন্ন করা হবে। এরপর পদোন্নতির ফলে বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টি হলে সেই পদগুলিতে নিয়োগ দেওয়া হবে। ফলে ২০২৭ সালে নতুন নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ২০২৬ সালে প্রয়োজনীয় শূন্যপদ চিহ্নিতকরণ ও পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পদোন্নতি শেষ হওয়ার পর বিভিন্ন সরকারি বিভাগে নতুন পদ তৈরি হবে। সেই পদগুলির ভিত্তিতেই পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

এদিন রাজ্যে নতুন ‘ইয়ুথ ওয়েলফেয়ার অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ বিভাগ চালুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যুব কমিশন, এনসিসি, নিয়োগ এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় এই নতুন বিভাগের অধীনে থাকবে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

বন্যা পরিস্থিতি নিয়েও এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চরাইদেও, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলার ৩১ হাজারেরও বেশি বন্যাকবলিত পরিবারকে এককালীন ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর আগে ৬৪ হাজারেরও বেশি পরিবার এই সহায়তা পেয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯৬ হাজারেরও বেশি পরিবার সরকারি সহায়তার আওতায় এসেছে। এ খাতে রাজ্য সরকার ইতিমধ্যে ১৪৬ কোটি টাকারও বেশি ব্যয় করেছে।

বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রথম পর্যায়ের সমীক্ষা প্রায় শেষ হয়েছে। বাদ পড়ে যাওয়া বিষয় ও অভিযোগ খতিয়ে দেখতে আগামী ১-২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু হবে। ১০-১১ সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করে ১৫-১৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রয়োজন হলে তৃতীয় পর্যায়ের সমীক্ষাও করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *