বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শিলকুড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত কমলাকান্ত ধর অ্যাকাডেমি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল দরর্গাকোণা ভাই ভাই ৬ নম্বর দল। শনিবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা শিলকুড়ি ভরাখাই টি গার্ডেন দলকে ৩–১ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাঠ মাতিয়ে তোলে দুই দল। প্রথমার্ধেই পরপর দুটি গোল করে ম্যাচে এগিয়ে যায় দুর্গাকোনা ভাই ভাই ৬ নম্বর দল। দ্বিতীয়ার্ধে শিলকুড়ি ভরাখাই টি গার্ডেন একটি গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি। ম্যাচের শেষদিকে আরও একটি গোল করে ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত করে দুর্গাকোনা ভাই ভাই ৬ নম্বর।
এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই ফাইনালিস্ট দল নিজেদের যোগ্যতা প্রমাণ করে শিরোপার লড়াইয়ে পৌঁছায়। ফাইনাল ঘিরে মাঠে ছিল বিপুল দর্শকসমাগম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে যুবসমাজকে নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান। বিজয়ী দলের হাতে তাঁর উপস্থিতিতে তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকা ও ট্রফি। রানার্স-আপ দল পায় ৩০ হাজার ৫০০ টাকা ও ট্রফি।
অনুষ্ঠানে সমাজসেবী আশিস হালদার, প্রাক্তন মণ্ডল সভাপতি প্রদীপ দাস, যুব মোর্চার কার্যকর্তা, দলীয় কর্মী, শিলকুড়ি জনকল্যাণ সংস্থার সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় খেলার মাঠের উন্নয়ন ও নির্মাণের দাবি বিধায়কের কাছে তুলে ধরা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাঠের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক কিশোর নাথ।



