মানবসেবায় শেখ ফাউন্ডেশনের নতুন উদ্যোগ, চালু হল অ্যাম্বুলেন্স পরিষেবা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুন : মানবসেবার লক্ষ্যকে সামনে রেখে জরুরি চিকিৎসা পরিষেবায় নতুন পদক্ষেপ নিল শেখ ফাউন্ডেশন। প্রবাসীদের সহযোগিতায় সংগঠনটির উদ্যোগে একটি আধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রবিবার কৈলাশহরে শেখ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে পরিষেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে মানবকল্যাণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে অভিহিত করেন।

২০২৪ সালে কুয়েত প্রবাসী সমাজসেবী শেখ আজহার উদ্দিনের উদ্যোগে প্রতিষ্ঠিত শেখ ফাউন্ডেশন ইতিমধ্যেই ত্রিপুরার বিভিন্ন প্রান্তে গৃহনির্মাণ, চিকিৎসা সহায়তা, শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে মানুষের আস্থা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল সংগঠনটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ইউনুছ মিয়া খাদিম, গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট সন্দ্বীপ দেব রায়, শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ আজহারউদ্দিনসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ।

অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্যে শিক্ষক হোছাইন আহমেদ সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে জনসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ ফাউন্ডেশনের মুখপাত্র মওলানা আব্বাস আলি আল জলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *