জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : হাইলাকান্দি শহরের ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক সামগ্রী রাখার প্রবণতা বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে হাইলাকান্দি পুরসভা। পুরসভার পক্ষ থেকে শহরের সকল ব্যবসায়ী ও দোকানদারকে জানানো হয়েছে যে, দোকানের মালামাল, প্রদর্শনী সামগ্রী, সাইনবোর্ড, অস্থায়ী কাঠামোসহ কোনও সামগ্রী ফুটপাত, রাস্তা কিংবা পুরসভার সরকারি জমিতে রাখা যাবে না। এর ফলে পথচারীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শহরে যানজট ও অপরিচ্ছন্ন পরিবেশেরও সৃষ্টি হচ্ছে।
পুরসভার নির্দেশ অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশের তিন দিনের মধ্যে অর্থাৎ ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাঁদের দখলে থাকা ফুটপাত, রাস্তা ও সরকারি জমি সম্পূর্ণরূপে দখলমুক্ত করতে হবে।
পুরসভার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ১৩ আগস্টের পর পরিদর্শনকালে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দেশ অমান্য করতে দেখা গেলে অসম পুর আইন, ১৯৫৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে অবৈধভাবে রাখা সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হবে। এই অভিযানের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট দখলদারকেই বহন করতে হবে। হাইলাকান্দি শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, দখলমুক্ত ও পথচারীবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সকল ব্যবসায়ী ও নাগরিকের সহযোগিতা কামনা করেছে পুরসভা।



