অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০১, ক্ষতিগ্রস্ত ১.২৬ লক্ষেরও বেশি

Spread the news

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : অসমে বন্যায় মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে নাগাল্যান্ডের মোন জেলা থেকে নেমে আসা জলের স্রোতে রাজ্যের ঊর্ধ্বাঞ্চলের তিন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে মৃতদেহ। সোমবার শিবসাগর জেলার আমগুড়ি রাজস্ব চক্র এলাকায় ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এর ফলে চলতি বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে।

অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ASDMA) সোমবার রাতে প্রকাশিত দৈনিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত বুলেটিন অনুযায়ী, নগাঁও, গোলাঘাট, শিবসাগর, হোজাই, দরং, কার্বি আংলং, লখিমপুর, কাছাড়, চরাইদেও এবং যোরহাট—এই ১০ জেলায় মোট ১,২৬,৪৩১ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর মধ্যে গোলাঘাট জেলায় সবচেয়ে বেশি ৭১,০৬১ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। শিবসাগরে ২১,৬০০ জন এবং যোরহাটে ১৩,১৬৬ জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন।

বন্যাকবলিত কিছু এলাকার মানুষ নিজেদের প্রয়োজনীয় সামগ্রী ও গবাদি পশু নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, বহু মানুষকে প্রশাসনের পক্ষ থেকে স্থাপিত ত্রাণশিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *