শিলচরে কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালন

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদায় ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা কংগ্রেস সেবাদলের উদ্যোগে কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত এবং শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি সুজন দত্ত দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম প্রধান নেতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়, অমিত চক্রবর্তী, বান্দিতা ত্রিবেদী রায়, দেবদীপ দত্ত, আবদুল রাজ্জাক, অশোক বৈদ্য, আমরুল হক, অনুপ রায়, সেলিম উদ্দিন, সোনালি দাস, মাসুম মজুমদার, আহমদ আলি লস্কর ও হারান শর্মা-সহ জেলা কংগ্রেসের বিভিন্ন সেল ও বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং এনএসইউআই-এর সদস্যরাও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটির তাৎপর্য এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে ‘স্বাধীনতার জন্য যাঁরা লড়েছিলেন’ শীর্ষক একটি সেমিনারেরও আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সুজন দত্ত। বক্তারা তাঁদের বক্তব্যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রামীদের সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, গান্ধীজি ভারতবাসীর মধ্যে ‘করো অথবা মরো’ এর মহান মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন। এই আহ্বান সেই সময় গোটা দেশের সংগ্রামী চেতনাকে নতুন দিশা দেখিয়েছিল এবং স্বাধীনতা আন্দোলনের গতিপথে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছিল।

দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের তাৎপর্য আরও গভীর হয়ে ওঠে। পরিশেষে মর্যাদাপূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *