প্রাক্তন বিধায়কের দখলে থাকা খাস জমি উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

Spread the news

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের ধলেশ্বর জিরো পয়েন্ট এলাকায় খাস জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে সোমবার উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। প্রশাসনের একটি দল এস্কেভেটর নিয়ে এলাকায় পৌঁছে গরুর বাজারের একটি গেট ভেঙে দেয়। পাশাপাশি সরকারি খাস জমি দখলমুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়।

অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সরকারি খাস জমি প্রাক্তন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর দখলে ছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি প্রশাসনিক তৎপরতা শুরু হয়। গত শনিবার বিধায়ক ড. মিলন দাস প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এরপরই জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

সোমবারের অভিযানে গরুর বাজারের গেট ভেঙে দেওয়ার পাশাপাশি সরকারি জমি দখলমুক্ত করার কাজ চালানো হয়। অভিযানকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সরকারি জমি উদ্ধারের প্রশাসনিক উদ্যোগকে অনেকেই স্বাগত জানান।

এদিকে, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। তাঁরা প্রশাসন ও বিধায়ক ড. মিলন দাসকে ধন্যবাদ জানান। পরে বিজেপি কর্মী-সমর্থকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *