শিবসাগরের টিপমিয়ায় এসইউসিআই-র উদ্যোগে চিকিৎসা শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : শিবসাগর জেলার টিপমিয়া গ্রামের রূপজান টিপমিয়া সাংস্কৃতিক মঞ্চে এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে দুই শতাধিক বন্যাদুর্গত মানুষকে জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসা শিবিরে পরিষেবা দেন অসম সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক তথা মেডিক্যাল সার্ভিস সেন্টারের অসম শাখার আহ্বায়ক ডাঃ চিত্রলেখা দাস, ডাঃ শাহরিয়ার আলম এবং ডাঃ বিক্রম মণ্ডল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকেও গ্রামে একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তবে সেখানে কোনও চিকিৎসক না পাঠিয়ে কয়েকজন নার্সকে পাঠানো হয়। ফলে চিকিৎসকের প্রয়োজন থাকা সত্ত্বেও বহু মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেননি বলে অভিযোগ করেন তাঁরা। দলীয় সূত্রে জানানো হয়েছে, এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থ ও সহযোগিতায় প্রথমে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এরপর রবিবার থেকে বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন শুরু হয়েছে।

এক প্রেস বিবৃতিতে দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস জানান, শিবসাগর, চরাইদেও এবং যোরহাট জেলার বিভিন্ন বন্যাক্রান্ত এলাকায় আগামী দিনে আরও কয়েকটি চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *