রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বরাক উপত্যকায় কৈবর্ত সমাজের সাংগঠনিক ঐক্যকে আরও শক্তিশালী করতে গঠিত হলো কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ আড়াই বছরের ধারাবাহিক সাংগঠনিক উদ্যোগ, মতবিনিময় ও প্রস্তুতির পর এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বসবাসকারী কৈবর্ত সমাজের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সমাজকর্মীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে এর আগে ২৩টি আঞ্চলিক কমিটি এবং ৩টি জেলা কমিটি গঠন করা হয়েছিল। সেই সাংগঠনিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় পাঁচগ্রামের সিদ্ধেশ্বর মন্দির সংলগ্ন প্রশান্তি লজে আয়োজিত এক সভায় বিভিন্ন আঞ্চলিক ও জেলা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রমাকান্ত দাসকে সভাপতি এবং প্রাক্তন পুর সদস্য তথা বিজেপি নেতা রাজেশকুমার দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় বক্তারা বলেন, কৈবর্ত সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নারীর স্বনির্ভরতা, আর্থ-সামাজিক অগ্রগতি এবং সমাজের মেধাবী ও প্রতিভাবানদের উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাও মঞ্চের অন্যতম প্রধান লক্ষ্য হবে।

বক্তারা আরও জানান, ঐক্য, শিক্ষা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৈবর্ত সমাজকে আরও সুসংগঠিত, শিক্ষিত, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনেও ধারাবাহিকভাবে কাজ করা হবে। শ্রীকৃষ্ণ দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শৈলেশ দাস, ধরনীকান্ত দাস, জেলা পরিষদ সদস্য রাজেশ দাস, ঝুমা দাস, সুরজ সেন, ড. সুজিত দাস, গোপেশ চৌধুরী, মোহিমলাল বৈষ্ণব, জয়দেব দাস, হরেন্দ্র দাসসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় চার ঘণ্টাব্যাপী সভাটি সঞ্চালনা করেন রূপেশচন্দ্র দাস ও সুবীরচন্দ্র দাস।
সমাজের বিশিষ্টজনদের আশা, কেন্দ্রীয় কমিটি গঠনের ফলে বরাক উপত্যকায় কৈবর্ত সমাজের সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংহত ও গতিশীল হবে এবং ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।



