বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অরুণাচল প্রদেশে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)-র অনধিকার প্রবেশের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৪০ সদস্যের একটি PLA দল লাল পতাকা নিয়ে অরুণাচলের টাকসিং এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। নিয়মিত টহলদারির সময় ভারতীয় সেনার একটি দলের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়।
সূত্রের দাবি, ভারতীয় সেনার ওই টহলদলে ২০ জন জওয়ান ছিলেন, অন্যদিকে PLA-র দলে ছিলেন ৪০ জন। ভারতীয় সেনা দৃঢ়ভাবে PLA-র অগ্রগতি প্রতিহত করে এবং তাদের ভারতীয় ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। অভিযোগ অনুযায়ী, PLA সদস্যরা সরে যেতে অস্বীকৃতি জানালে ভারতীয় সেনা জানায়, প্রয়োজনে তারাও অতিরিক্ত জওয়ান মোতায়েন করতে সক্ষম।
জানা গেছে, গত ২৫ জুলাই থেকে টাকসিং এলাকায় ভারতীয় সেনা ও PLA-র মধ্যে এই মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে। উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে এবং সেগুলোর সঙ্গে ২৫ জুলাইয়ের তারিখ সংযুক্ত রয়েছে।
সীমান্তে চিনের এই কথিত আগ্রাসী তৎপরতায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই আপার সুবনসিরি জেলার সীমান্ত এলাকায় চীনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে অভিযোগ উঠছে। এর আগে অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং চিনা অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে প্রকাশ্যে আসা ছবি ও ভিডিও সরকারের সেই দাবির সঙ্গে ভিন্ন চিত্র তুলে ধরছে বলে দাবি করা হচ্ছে।



