বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : মুসলিম যুবককে বিয়ে করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিলচরে এক হিন্দু তরুণীর পরিবারে চরম অশান্তির সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই তরুণী নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করা হয়েছে। তাঁর এই সিদ্ধান্ত ঘিরেই পরিবারের সঙ্গে তৈরি হয়েছে তীব্র মতবিরোধ।

জানা গিয়েছে, মেয়ের ধর্মান্তর ও বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর বাবা। এর প্রতিবাদে তিনি হিন্দু ধর্মীয় রীতি মেনে মেয়েকে মৃত ঘোষণা করে পিণ্ডদান ও শ্রাদ্ধশান্তির আয়োজন করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, সাধারণত কারও মৃত্যুর পর এই ধরনের ধর্মীয় আচার পালন করা হয়ে থাকে।
এদিকে, মেয়ের সঙ্গে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি তাঁকে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শিলচর এলাকায় ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে।

এই ঘটনা নতুন করে ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় পরিচয়, বিবাহের অধিকার এবং পারিবারিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।




