বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বন্যার কারণে আশ্রয় শিবিরে থাকা শিবসাগরের দুর্গত মানুষের সঙ্গে মঙ্গলবার দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শিবসাগরের পলাশনিতে অবস্থিত অসম এনার্জি ইনস্টিটিউটের আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যার্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বন্যায় প্রাণ হারানো শিবসাগরের ১০ জনের পরিবারের প্রতিও সমবেদনা জানান। বন্যার্তদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রসঙ্গে বিধায়ক অখিল গগৈয়ের মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “প্রয়োজন হলে বন্যার্তদের ১০ লক্ষ টাকারও বেশি সহায়তা দেওয়া হবে। তবে আমরা অখিল গগৈয়ের মতো ত্রাণ দিতে গিয়ে সামাজিক মাধ্যমে রিল বানাতে পারি না। আমরা সরকার, তাই সরকারের দায়িত্ব ও কর্তব্য পালন করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অসম সফরে আসছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ৯ আগস্ট থেকে ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ শুরু হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত সরকারি সহায়তা পান, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকার বন্যাদুর্গতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এদিকে, নাগাল্যান্ডে অবৈধ কয়লা ও পাথর খনন নিয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “নাগাল্যান্ডে পরিচালিত খননের ওপর অসম সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।” তবে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনে নাগাল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।
বিহুবর এলাকায় অবৈধ পাথর খনন নিয়ে স্থানীয় মানুষের আপত্তির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণের উদ্বেগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



