অসম সরকারের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারগুলির হাতে পৌঁছাতে শুরু করল ১৫ হাজার টাকার অন্তর্বর্তীকালীন সহায়তা

Spread the news

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণামাফিক বন্যাকবলিত পরিবারগুলির জন্য ১৫ হাজার টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তার প্রথম কিস্তি সোমবার আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২ আগস্ট থেকে ডিব্রুগড়ে অবস্থান করে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী। সোমবার ডিব্রুগড়ে অবস্থিত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে তিনি প্রথম পর্যায়ের আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এর ফলে সোমবার থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা করে জমা পড়তে শুরু করেছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, চরাইদেও, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলার মোট ৬২ হাজার ৬৯৬টি বন্যাদুর্গত পরিবার এই সহায়তার আওতায় এসেছে। এর মধ্যে শিবসাগরে ৩৫ হাজার ২৯৮টি, চরাইদেওতে ১৯ হাজার ৮৮৩টি, যোরহাটে ৪ হাজার ৯২২টি এবং গোলাঘাটে ২ হাজার ৫৯৩টি পরিবার ১৫ হাজার টাকা করে পাচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আরও ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকার মানুষের বিমার দাবি দ্রুত নিষ্পত্তির জন্য বিমা সংস্থাগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলির সংস্কার ও পুনর্বাসনের জন্য প্রতিটি বিদ্যালয়কে ২ লক্ষ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *