বরাক তরঙ্গ, ২ আগস্ট : হাইলাকান্দির কৃষ্ণপুর বাজারে একটি পুলিশ স্কর্ট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গাড়ির চালকসহ অন্তত তিনজন আহত হন। এছাড়া রাস্তার পাশের একটি দোকানের বারান্দা এবং সেখানে রাখা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় বাজারে উপস্থিত কোনও সাধারণ মানুষের হতাহতের খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাইলাকান্দি থেকে কাটলিছড়ার দিকে যাওয়ার সময় পুলিশ সুপারের গাড়ির পেছনে থাকা একটি স্কর্ট গাড়ি কৃষ্ণপুর বাজারে ঢোকার মুখে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে সেটি রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। এরপর গাড়িটি ছিটকে গিয়ে আরও একটি গাছের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরপর দুইবার ধাক্কা লাগার পরও গাড়িটি থামতে না পেরে রাস্তার পাশের একটি দোকানের বারান্দায় সজোরে আঘাত হানে।
দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঘটনায় AS 01 FU 8135 নম্বরের একটি মোটরসাইকেল এবং AS 30 7719 নম্বরের পুলিশ গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের বারান্দারও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও লালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের একাংশের প্রাথমিক ধারণা, গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি হাইলাকান্দি পুলিশ সুপারের স্কর্ট গাড়ি। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ব্যস্ত কৃষ্ণপুর বাজারে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় বাজারে বেশি ভিড় থাকলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।



