বরাক তরঙ্গ, ২৬ জুলাই : অসমের প্রলংকরী বন্যায় মৃত্যু ঘটা ব্যক্তিদের স্মরণে শোক বেদি নির্মাণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এআইডিএসও এবং এআইডিওয়াইও এর গুয়াহাটি জেলা কমিটির পক্ষ থেকে। গুয়াহাটির ভলবো পয়েন্টে উভয় সংগঠনের সদস্য সদস্যরা সমবেত হয়ে শোক বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। এআইডিএসও’র গুয়াহাটি জেলা কমিটির সম্পাদক সিমি গগৈর পরিচালনায় অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শোক বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য ও অফিস সম্পাদক রুপশ্রী গোস্বামী।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এআইডিএসও’র পক্ষ থেকে বলা হয় যে এবারের বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন খোলা আকাশের নীচে দিন যাপন করছেন। অথচ আসাম সরকার শুধু সংবাদ মাধ্যমে বিবৃতি দেওয়ার বাইরে কিছু করছে না। অসহায় মানুষের আর্তনাদ আজ বিশেষ করে শিবসাগর, চরাইদেউ জেলার আকাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এআইডিএসও’র পক্ষ থেকে ইতিমধ্যে একটি দল ত্রাণ নিয়ে সেখানে পৌঁছে গেছে। কিন্তু আরও অনেক বেশি সাহায্য, সহযোগিতার প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে সবাইকে এব্যাপারে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।



