ফরাসি ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে হায়দরাবাদি শাটলার

Spread the news

২৫ অক্টোবর : শিরোপা থেকে এক কদম দূরে পিভি সিন্ধু। ফরাসি ওপেন ব্যাডমিন্টনে বিজয়রথ ছুটিয়ে হায়দরাবাদি শাটলার পৌঁছে গিয়েছেন ফাইনালে। শনিবার শেষ চারের খেলায় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের হিনা আকেচি। হাড্ডাহাড্ডি ম্যাচ গড়ায় এক ঘণ্টা ১৩ মিনিটে। তিন গেমের লড়াই শেষ পর্যন্ত ২১-১০, ২০-২২, ২১-১৬ ব্যবধানে জেতেন সিন্ধু। বছরের দ্বিতীয় ট্রফি ঘরে তুলতে হলে রবিবার তাঁকে হারাতে হবে কোরিয়ার আন সে ইয়াংকে। বিশ্ব র‌্যাংকিংয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন তিনি। তাই সিন্ধুর সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

চলতি বছরের জুলাইয়ে জাপান ওপেনের খেতাব জিতেছিলেন সিন্ধু। তার আগে মে ও জুন মাসে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া ওপেনে ইয়াংয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ওলিম্পিকসে জোড়া পদক জয়ী শাটলারকে। তাছাড়া মুখোমুখি সাক্ষাতেও পাল্লা ভারী কোরিয়ান তারকার দিকেই। এর আগে ১০ বার সিন্ধুকে বশ মানিয়েছেন তিনি। এবারও প্যারিসে দুরন্ত ছন্দে রয়েছেন ইয়াং। সেমি-ফাইনালে জাপানের ওকুহারাকে ২১-১২, ২১-১৯ ব্যবধানে উড়িয়ে পৌঁছেছেন ফাইনালে। তবে আত্মবিশ্বাসী সিন্ধু এদিন বলেন, ‘অতীতের পরিসংখ্যান নিয়ে ভাবছি না। ছন্দ বজায় রাখার চেষ্টা করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *