ওয়ার্ল্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কংগ্রেসে আমন্ত্রিত পার্থঙ্কর চৌধুরী

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : ওয়ার্ল্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কংগ্রেস ২০২৬-এ আমন্ত্রিত বক্তা হিসেবে যোগ দিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। গত ২০ থেকে ২৬ জুলাই হায়দরাবাদের আইসিআরএসএটিতে আয়োজিত হয় সম্মেলন।

সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি অধিবেশনে তিনি “জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান: জলবায়ু-সহনশীল উত্তর-পূর্ব ভারত গঠনের সোপান” শীর্ষক বক্তৃতা প্রদান করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং উত্তর-পূর্ব ভারতের জলবায়ু সহনশীল উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “আন্তঃসংযুক্ত বিশ্ব: জলবায়ু পরিবর্তন ও অভিবাসনজনিত বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় নৃবিজ্ঞানের সম্পৃক্ততা”। জলবায়ু পরিবর্তন ও অভিবাসনজনিত স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির গুরুত্বকে কেন্দ্র করেই এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যানকাইন্ড দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, নীতিনির্ধারক এবং বাস্তবক্ষেত্রে কর্মরত বিশেষজ্ঞদের একত্রিত করে পরিবেশের অবক্ষয়, মানব বাস্তুচ্যুতি এবং সম্প্রদায়ভিত্তিক অভিযোজন কৌশল নিয়ে কাজ করে আসছে। এই আন্তর্জাতিক সম্মেলন সেই প্রচেষ্টাকেই আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *