বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরে এক ই-রিকশা চালককে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত চালক কৃষ্ণ কুশমেটের পরিবারের অভিযোগ, গত ১৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে ঘুংগুর ভ্যাটেনারি বাজার সংলগ্ন ইউনানি হাসপাতালের গলিতে এই ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় থাকা একটি গর্তে ই-রিকশার চাকা আটকে জল ছিটকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজেশ নুনিয়া (পল্টু), দীনেশ নুনিয়া (হাগরু) ও চান্দুয়া গোয়ালারা নামে তিন ব্যক্তি, যারা ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ, কৃষ্ণ কুশমেটকে ই-রিকশা থেকে টেনে নামিয়ে প্রায় এক ঘণ্টা ধরে লাথি, ঘুষি ও থাপ্পড় মারেন। মারধরের জেরে তিনি অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকার পর একদিন পর তাঁর জ্ঞান ফেরে বলে পরিবারের দাবি।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার দু’দিন পর অভিযুক্তদের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় গত বুধবার গোপাল কুশমেট শিলচর আদালতে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ, অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় তারা আহত কৃষ্ণ কুশমেট ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে।
এই ঘটনার প্রতিবাদে রবিবার স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবারের সদস্যরা একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। সভা থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আহত কৃষ্ণ কুশমেটের স্ত্রী উষা কুশমেট, মুন্না কুশমেট, বাবু রী-সহ এলাকার বহু বাসিন্দা। উপস্থিত বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



