দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : ঐতিহ্যবাহী শ্যাম সুন্দর আখড়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ১৭৩তম রথযাত্রা। বুধবার থেকেই আখড়া প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগমে উৎসবের আবহ তৈরি হয়। রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্ত, সাধক ও দর্শনার্থীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।
আখড়ার পরিচালন ও উন্নয়ন কমিটির সদস্যরা জানান, সম্প্রতি মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে একটি সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। সেই প্রশিক্ষণে অংশ নেওয়া মহিলাদের হাতে তৈরি সেলাই করা ব্যাগ রথযাত্রা উপলক্ষে বিশেষ প্রদর্শনীতে রাখা হয়। বিক্রির জন্য প্রদর্শিত এসব ব্যাগ দর্শনার্থীদেরও আকর্ষণ করে। কমিটির দাবি, এই উদ্যোগ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
আখড়া কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের রথযাত্রায় বিশেষ অতিথি হিসেবে কলকাতা থেকে উপস্থিত রয়েছেন প্রভুপাদ নটরাজ কিশোর গোস্বামী। তিনি ভক্তদের উদ্দেশে ধর্মীয় আলোচনা করেন এবং আশীর্বাদ প্রদান করেন।
রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আখড়া কর্তৃপক্ষের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। আয়োজকদের বক্তব্য, ১৭৩ বছরের এই ঐতিহ্য ধরে রাখতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতেও একইভাবে রথযাত্রার আয়োজন অব্যাহত থাকবে।



