বরাক তরঙ্গ, ৬ জুন : পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে হাইলাকান্দি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ইকো ক্লাবের বছরব্যাপী কার্যক্রমের উপর ভিত্তি করে প্রকাশিত কম্পেন্ডিয়াম গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুয়াহাটির বিজ্ঞান নগরীতে অনুষ্ঠিত রাজ্যস্তরের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার পক্ষ থেকে পরিবেশ শিক্ষণ কর্মসূচির জেলা সমন্বয়ক লুৎফুর রহমান বড়ভূইয়া মানপত্র ও স্মারক গ্রহণ করেন। উল্লেখ্য, অসম সরকারের অধীন আসাম বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
প্রসঙ্গত গত বছর জেলার বিদ্যালয় পরিদর্শক হিসেবে তাপস দত্ত দায়িত্ব গ্রহণের পর এবং তৎকালীন অতিরিক্ত জেলা আয়ুক্ত য়য় ইকো ক্লাবগুলিকে পুনরায় সক্রিয় ও গতিশীল করে তোলা হয়েছিল বলে অনেকেই মনে করেন। পর্যায়ক্রমে ইকো ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে শিক্ষা বিভাগের প্রোগ্রাম অফিসার ড. বিকাশ ভট্টাচার্য এবং প্রাক্তন বিজ্ঞান মন্দির আধিকারিক বাহারুল ইসলাম লস্কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংশ্লিষ্ট মহলের মতে, তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই জেলার এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
উল্লেখ্য, ইকো ক্লাবের মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যালয়ে বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তিভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ বিষয়ক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী, পরিচ্ছন্নতা অভিযান এবং জীববৈচিত্র্য সংরক্ষণ মূলক নানা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জেলার এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, ইকো ক্লাবের সমন্বয়ক এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের লক্ষ্যে ইকো ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে, আসাম বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ পরিষদের সঞ্চালক ড. জয়দীপ বরুয়া হাইলাকান্দি জেলার এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।



