১৫ জুলাই : ইরানের প্রতি আবারও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত সমঝোতায় না এলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের দাবি, চুক্তি না হলে দেশটিতে ‘কেউই অবশিষ্ট থাকবে না’।
মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে। তা না হলে আপনাদের কেউই অবশিষ্ট থাকবে না।”
ট্রাম্প জানান, তার এই বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, সাক্ষাৎকারের প্রায় এক ঘণ্টা আগেও ইরানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান শেষ পর্যন্ত কোনও সমঝোতায় রাজি হবে কি না। জবাবে তিনি বলেন, “তাদের তা করা উচিত। তবে তারা করবে কি না, আমি জানি না।”
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে কূটনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও আলোচনায় এনে দিয়েছে। তথ্যসূত্র: সিএনএন



