অনশনরত সোনমের জীবন বাঁচাতে ‘জোরপূর্বক খাওয়ানো’র আবেদন! দিল্লি হাইকোর্টে দায়ের মামলা

Spread the news

১৫ জুলাই : অনশনের ১৮তম দিনে এসে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, সোনমকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করে জোরপূর্বক পুষ্টি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। বুধবার এই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ।

লাদাখের অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্তি এবং পরিবেশ রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে সরব সোনম। সাম্প্রতিককালে নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র পাশে দাঁড়িয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেছেন তিনি। টানা ১৮ দিনের অনশনে তাঁর শরীরের ওজন অনেকটাই কমেছে এবং স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে।

আইনজীবী রাকেশ কুমার সাইনি আদালতে দায়ের করা আবেদনে জানিয়েছেন, সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে কেন্দ্রীয় ও দিল্লি সরকারকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে হবে। তাঁর দাবি, সোনমকে সরকারি হাসপাতালে ভর্তি করে তরল খাদ্য, ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি জোর করে খাওয়ানোর নির্দেশ দিক আদালত।

উল্লেখ্য, সোমবার সোনমের অনশনমঞ্চে সংহতি জানাতে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জয়তী ঘোষের মতো ব্যক্তিত্বরা। তাঁরা অনশন তুলে নেওয়ার অনুরোধ জানালেও, নিজের দাবিতে অনড় সোনম। কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে আন্দোলনকারীরা। এখন দেখার, আদালতের নির্দেশ এবং সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সোনম ওয়াংচুক তাঁর অনশন কর্মসূচি প্রত্যাহার করেন কি না। বুধবারই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *